বিকাল ৫:৩৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা: ভরি ২ লাখ টাকা ছাড়ালো

বানিজ্য ডেস্ক রিপোর্ট :

দেশের বাজারে সোনার দামে আবারও রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।নতুন ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭২৬ টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। আজ পর্যন্ত প্রতি ভরি সোনা ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায় বেচাকেনা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ২ লাখ ৭২৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকায় বিক্রি হবে।

তবে, সোনার দাম বাড়ানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২২৮ টাকায় অপরিবর্তিত রয়েছে।

আজ পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায়, ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকায় বেচাকেনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *