
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে তুরাগতীরে গত রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার। এর একদিন পর দ্বিতীয় ধাপের ইজতেমার আয়োজক কমিটির মুরব্বিদের (সা’দপন্থীদের) কাছ থেকে মাঠের দায়িত্ব বুঝে নিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম অংশে গাজীপুর জেলা প্রশাসনের অস্থায়ী কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় ধাপে আয়োজিত মাওলানা সা’দপন্থী অনুসারীদের কাছ থেকে ময়দান বুঝে নেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফয়জুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. ইব্রাহিম খান, অতিরিক্ত উপকমিশনার হাফিজুল ইসলাম, সহকারী কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী জোন) সোহেল রানা, ইজতেমার আয়োজক কমিটির মুরব্বি আব্দুস সালাম, রেজাউল করিম, মহিবুল্লাহ, হাজী মনির, আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম প্রমুখ।
ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি আব্দুস সালাম বলেন, গত তিনবার আমরা মাঠের ব্যবস্থাপনা থেকে বঞ্চিত হয়েছি। নিশ্চিত এই বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নেবেন। প্রথম পর্বের আয়োজকেরা আমাদের সঙ্গে আলোচনা করতে রাজি নন। আমরা চাই মাওলানা সাদ কান্ধলভি আগামী বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারেন সে বিষয়ে সরকার সহযোগিতা করবে।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, গত ১১ ফেব্রæয়ারি রোববার দুই ধাপের ইজতেমা শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী সাদ অনুসারীদের কাছ থেকে ইজতেমা ময়দানের দায়িত্ব বুঝে নিয়েছি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাঠ ফের সংশ্লিষ্টদের বুঝিয়ে দেওয়া হবে।