
ফেনী প্রতিনিধি: ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের দেবীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে নিহত হয়েছেন একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। ১৯ ফেব্রুয়ারী সোমবার সকালে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দেবিপুর প্রাইম সিএনজি পাম্পে এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আরেকজন সিএনজিচালিত অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।
নিহতের নাম সাইদুর রহমান রনি, তিনি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিন আধারমানিক গ্রামের নুর ইসলামের পুত্র। আহত জাহিদ আলমের বাড়ি সোনাগাজী উপজেলার নোয়াবপুর গ্রামে।
পাম্পের ক্যাশিয়ার সাইদুর রহমান শুভ জানান, সকালে যানবাহনের বেশ ভিড় ছিলো পাম্পে। ডাবল সিলিন্ডারে রনির গাড়িতে গ্যাস দেওয়ার সময় সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
ফেনী হাসপাতালের চিকিৎসক সাইদুর রহমান জানান, রনিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। আহত জাহিদকে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফেনী থানা পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিস্ফোরণে পাম্পের কোনো ক্ষতি না হওয়ায় বর্তমানে পাম্প স্বাভাবিক রয়েছে।