রাত ৮:১০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগ তীরে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের লাখো মুসল্লীদের অংশ গ্রহণে জুমার নামাজ আদায়

 

টঙ্গী প্রতিনিধি  :
মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ তাবলীগ জামায়াতের ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব  শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে। তুরাগ তীরে দ্বিতীয় পর্বের লাখো মুসল্লিদের অংশগ্রহনে দুপুর ১টা ৫০ মিনিটে জুমার জামাত শুরু হয়। ওই নামাজের ইমামতি করেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা সা’দের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী।
ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে রাজধানী ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। ইজতেমা পুরো ময়দান জনসমুদ্রে পরিণত হয়।
এছাড়া টঙ্গীর বিভিন্ন উঁচুভবনের ছাদে থেকেও মুসল্লিরা জুমার নামাজে শরিক হন। বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটে আসেন জুমার নামাজ আদায় করার জন্য। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলিগলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হন।
গতকাল শুক্রবার বাদ ফজর মাওলানা ইলিয়াস বিন সা’দ সাহেবের আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ সাহেব। জুমার নামাজের পরে আরবী ভাষায় বয়ান করবেন শেখ মোফলে, বাংলা তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর, বাদ আসর বাংলায় বয়ান করবেন মাওলানা মোশাররফ সাহেব, বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ, বাংলা তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।
বিশ্ব ইজতেমার সার্বিক বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. মাহবুবুর রহমান বলেন, আমরা সবাই মিলে সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমার প্রথম পর্ব শেষ করেছি। দ্বিতীয় পর্ব আরও ভালোভাবে শেষ করতে চাই। প্রথম পর্বের চেয়ে আরও বেশি সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ইজতেমার ময়দানে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা-ব্যবস্থা রয়েছে। পোশাকে, সাদা পোশাকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্পেশাল ইউনিট, র‌্যাব, কুইক রেসপন্স টিম, সিসিটিভি মনিটরিং, সবকিছু মিলিয়ে সর্বোচ্চ নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম জানান, বিশ্ব ইজতেমায় প্রতিদিন প্রয়োজনীয় সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এছাড়া সিটি করপোরেশন ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ইজতেমা ময়দানে মুসল্লিদের খেদমতে নানা কর্মসূচি পালন করছে।
জুমার নামাজের মুসল্লিদের সাথে অংশ নেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এড. আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশন মেয়রের উপদেষ্টা এড. জাহাঙ্গীর আলম।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন যারা : বিশ্ব ইজতেমা ময়দানে এসেছেন মালয়েশিয়ায় ‘মানবতার ফেরিওয়ালা’ বলে খ্যাত আলোচিত সমাজকর্মী ইবিট লিও ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এ সময় ময়দান থেকে অভ্যর্থনা জানান কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওসামা ইসলাম ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।
দ্বিতীয় পর্বে বিদেশি মেহমান : শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ৫৪টি দেশের ৬ হাজার ৩৬জন বিদেশি মুসল্লি ময়দানে অবস্থান করছেন। বিদেশি মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসি ক্যামেরায় বিদেশীদের প্রতিটি খিত্তা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
দ্বিতীয় পর্বের ইজতেমায় ৪ মুসল্লির মৃত্যু: বিশ^ ইজতেমায় শুক্রবার বিকেল বিকেল পর্যন্ত ৪ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শিবনগর গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে মোহাম্মদ জহির উদ্দিন (৭০), জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালের গ্রামের ছবির উদ্দিনের ছেলে নবীর উদ্দিন (৬৫), শেরপুর জেলা সদরের মৃত মহেজদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫) ও নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মৃতু সুলতানের ছেলে আব্দুল হেলিম (৬২)। তাদের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।
১১ ফেব্রæয়ারি রোজ রোববার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ৫৭তম বিশ^ ইজতেমার দুই পর্বে আনুষ্ঠানিকতার সমাপ্তি হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *