সন্ধ্যা ৭:১২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেমুয়া হতে ২০০ বোতল ফেন্সিডিলসহ দুই জন আটক

 

ফেনী প্রতিনিধি: র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ অভিযানে ফেনী জেলার লেমুয়া এলাকা হতে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজি অটোরিক্সা যোগে মাদকদ্রব্য (ফেন্সিডিল) বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম হতে কুমিল্লা এর দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি ২০২৪ ইং আনুমানিক ০৭০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি সিএনজি অটোরিক্সার গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা সিএনজিটি থামানোর সংকেত দিলে সিএনজিটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে আসামি ১। মোঃ নিজাম উদ্দিন (২৯), পিতা- দেলোয়ার হোসেন, সাং- পশ্চিম অলীনগর এবং ২। মোঃ শাহাবুদ্দিন (৩০), পিতা- মৃত রুহুল আমিন, সাং- দক্ষিণ অলীনগর, উভয় থানা-জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রামদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশী করে তাদের হেফাজতে থাকা সিএনজি অটোরিক্সার ভিতরে ০২টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিদের গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।

আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল চট্টগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *