রাত ৯:৪২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর গোপীবাগে যাত্রীবাহী ট্রেনে আগুন

ডেস্ক রিপোর্ট :

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে রাজধানীর গোপীবাগে ট্রেনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১১টা) নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী মাসুদ রানা বলেন, ‘আমি বাসায় ছিলাম। রেললাইনের পাশেই আমার বাসা। একজন ফোন দিয়ে বলেছে, ট্রেনে আগুন লেগেছে। আমি তাড়াতাড়ি নেমে আসি। এসেই দেখলাম ‘চ’ নম্বর বগি ৮০ ভাগ পুড়ে গেছে। এর মধ্যে আমরা দেখলাম একজন জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছে। আমরাও দূর থেকে বাঁশ দিয়ে জানালাটা সরানোর চেষ্টা করছিলাম, যাতে সে বের হতে পারে। বাইরে থেকে আমরা চেষ্টা করছিলাম তাকে বের করার জন্য। কিন্তু আমরা তাকে বের করার চেষ্টা করেও ব্যর্থ হই। কারণ সব কিছু অনেক গরম। যার ফলে ধরা যাচ্ছিল না কিছুই।’

তিনি আরও বলেন, ‘এর মধ্যে ছ নম্বর বগিতে আগুন ছড়িয়ে যায়। স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ফায়ার সার্ভিস আগুন নেভাতে নেভাতে দুটি বগিই জ্বলে যায়। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছি। দুটি বগিই এসি বগি ছিল। যার কারণে বেশি উত্তপ্ত ছিল। এর পাশেই ছিল পাওয়ার ক্যাবলের কার বগি। রেলওয়ের কর্মীরা এসেও খুলতে ব্যর্থ হয়।’

যশোরের বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছু আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *