রাত ৮:৫১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

ডেস্ক রিপোর্ট :
বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছেন দলটি ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এর আগে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে এসে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও।

এদিন শাহজাহান ওমরকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জন্য ঝালকাঠি-১ এর রিটার্নিং অফিসার বরাবর আওয়ামী লীগের সভাপতির স্বাক্ষরিত একটি চিঠিও পাঠানো হয়। যেখানে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (RPO 1972) এর Article-16 (২) ও 16 (৩) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১২৫, ঝালকাঠি-১ এলাকায় মুহাম্মদ শাহজাহান ওমরকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।

অতএব, মুহাম্মদ শাহজাহান ওমরকে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১২৫, ঝালকাঠি-১ এ ‘নৌকা’ প্রতীক বরাদ্দ প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
এর আগে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদের শাহজাহান ওমরকে জামিন দেন। এরপর সন্ধ্যা ৬টায় কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

গত ৪ নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে ৪ দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর গত ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিনে প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ সদস্য হত্যা ও অগ্নিসংযোগের নির্দেশদাতা হিসেবে করা মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *