সকাল ১১:৫৮ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ :
বিএনপি-জামাতের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ চরে শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ। শুক্রবার বিকেলে পদ্মানদীর মাঝের এই চরাঞ্চলে শান্তি সমাবেশের আয়োজন করে লেছড়াগঞ্জ, সুতালড়ি ও আজিমনগর ইউনিয়ন আওয়ামীলীগ।
লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লেছড়াগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, মানিকগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মাজেদ খান, সিংগাইর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার, আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদসহ  হরিরামপুর ও সিংগাইর উপজেলার জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। হরতাল, অবরোধ দিয়ে বিএনপি-জামাত নির্বাচন বানচাল করার অপচেষ্টায় লিপ্ত আছে। তাদেরকে দেশে নৈরাজ্য করতে দেওয়া হবে না। কঠোর হাতে তাদেরকে প্রতিহত করা হবে।
বক্তারা, আগামী নির্বাচনে মমতাজ বেগমের পরিবর্তে দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন দিতে শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।
পরে, মানিকগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর উদ্যোগে সমাবেশে  উপস্থিত তিন ইউনিয়নের ছয় হাজার মানুষকে বিরিয়ানি খাওয়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *