রাত ৩:২৫ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মস্কো সফর স্থগিত করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক  ডেস্কঃ
গাজা উপত্যকায় চলমান ভয়াবহ যুদ্ধের কারণ দেখিয়ে পূর্ব নির্ধারিত মস্কো সফর স্থগিত করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এমনই খবর জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। আগামী ১৫ নভেম্বর ফিলিস্তিনের প্রেসিডেন্টের মস্কো সফর করার কথা ছিল।

ফিলিস্তিনের প্রেসিডেন্টের মস্কো সফর স্থগিত হয়েছে জানিয়ে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ স্থানীয় সময় শুক্রবার (৩ নভেম্বর) গণমাধ্যমকে বলেন, ফিলিস্তিনের সরকারের পক্ষ থেকে আমাদের এই সফর স্থগিত করার অনুরোধ জানানো হয়েছে এবং সেখানকার চলমান অবস্থা বিবেচনা করে আমরা তাতে সায় দিয়েছি।

উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সবাই জানি ফিলিস্তিন এখন কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে সেখানকার প্রেসিডেন্টের বিদেশ সফর স্থগিত করা খুবই স্বাভাবিক।’

আমরা নিয়মিত টেলিফোনে ফিলিস্তিন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তা অব্যাহত থাকবে বলেও জানান বোগদানভ।

গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তপথ ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ওই দিন শেষ রাত থেকে কয়েক হাজার রকেট ছোড়ার পর বুলডোজার দিয়ে সীমান্ত বেড়া ভেঙ্গে ইসরায়েলে প্রবেশ করে তারা।

ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সীমান্তের কাছাকাছি বসবাসকারী অসংখ্য ইসরায়েলিকে হত্যা করা হয়। শিশু, মহিলা ও বৃদ্ধ সহ বিভিন্ন দেশের দুই শতাধিক মানুষকে অপহরণ করে নিজ ভূখণ্ডে নিয়ে যায় হামাস।
জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ), যা এখনও চলমান। ওদিকে গত শনিবার থেকে আইএএফের পাশাপাশি গাজায় অভিযান শুরু করেছে স্থল বাহিনীও।

প্রসঙ্গত গত প্রায় এক মাসের যুদ্ধে হামাসের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে ইসরায়েলের বিমান বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৯ হাজার ৬১ জনে।

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেকদের অধিকাংশের মতে, ১৯৫৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ দেখছে মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চল।

এই যুদ্ধের শুরু থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া। তবে এ পর্যন্ত হামাসকে একবারও সমর্থন জানায়নি মস্কো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *