রাত ১২:২৬ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ দিনে বিএনপির ৭ নেতাকর্মীর মৃত্যু, গ্রেফতার ৪ হাজারেরও বেশি : দাবি রিজভীর

ডেস্ক রিপোর্ট :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে গত ৪ দিনে সারা দেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় বিএনপির ৭ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। একইসঙ্গে গত ৬ দিনে ৪ হাজারের অধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব অভিযোগ করেন। তিনি বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ, ২৯ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ হরতাল এবং ৩১ অক্টোবর শান্তিপূর্ণ অবরোধকে কেন্দ্র করে মোট ২২৮০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গুলিতে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ৭ জন নেতাকর্মী মারা গেছে। এছাড়া ৩৩৫০ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছে।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, মহাসমাবেশকে কেন্দ্র করে গত ৬ দিনে সারা দেশে ৪ হাজারের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা হয়েছে ৭১টি। এছাড়াও গত জুলাই থেকে হওয়া মামলার মধ্যে ১৭টি মামলায় বিএনপির ৯ জন নেতাকর্মীকে মৃত্যুদণ্ডাদেশ ও প্রায় ১১১ জনের অধিক নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গায়ের জোরে চলছে আওয়ামী দুঃশাসন উল্লেখ করে তিনি বলেন, তাদের অনাচারের বিরুদ্ধে সমালোচনা করা মানেই রাষ্ট্রদ্রোহ। এমনই একটি পরিস্থিতি তৈরি করছেন শেখ হাসিনা। বিরোধী দলের সমালোচনায় ভাষা প্রয়োগ করা মানেই ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *