সন্ধ্যা ৭:৩৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে গৃহবধুকে হত্যার চেষ্টা থানায় অভিযোগ

 

বি.এ  রায়হান গাজীপুর :
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে আফরোজা সুলতানা পপি নামে (৩৩) এক গৃহবধুকে গলায় উরনা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে তিনজনকে অভিযুক্ত করে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহবধূ।

অভিযুক্তরা হলেন, কামরুল হাসান (৪৫) তার স্ত্রী লাইজু আক্তার (৩৬) ও ছেলে রেজওয়ান (১৮)। তারা দত্তপাড়া হাসান লেন এলাকার বাসিন্দা।

অভিযোগ সুত্রে জানা যায়, টঙ্গীর দত্তপাড়া এলাকার বাসিন্দা পপি ও কামরুল দম্পতি। বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। দুই বছর আগে পপির স্বামীকে অপহরণ করেছিল অভিযুক্ত কামরুল পরে স্থানীয় প্রসাশনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় ২০২১ সালে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। এরপর থেকে বিভিন্ন সময় তার দুই সন্তানকে নানা ভাবে মারধরসহ নানা ভাবে নাজেহাল করতে থাকেন কামরুল দম্পতি। গত বুধবার রাতে গেটের তালা খোলাকে কেন্দ্র করে ভাড়াটিয়ার সাথে কামরুলের বাকবিতন্ডা হলে চেঁচামেচি শুনে বাসা থেকে বেড়িয়ে আসেন পপি। এরপর কামরুল দম্পতি ও তাদের ছেলে মিলে পপির উপর হামলা চালায়। একপর্যায়ে পপির পড়নের উরনা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা চালায়। এসময় পপির সাথে থাকা দুই শিশু বাচ্চাকেও মারধর করে তারা। পরে শিশুদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *