রাত ৯:৪২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ অক্টোবরের আগে সরকারের বিদায় :বরকত উল্ল্যাহ

ডেস্ক রিপোর্ট :
সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে দাবি করে সময় বেঁধে দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্ল্যাহ বুলু।

আগামী ২০ অক্টোবরের আগে শেখ হাসিনার সরকারের সময় শেষ হচ্ছে দাবি করে তিনি বলেছেন, “অতি শীঘ্রই আমরা সরকারের বিদায় উৎসব পালন করব।”

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় রোড মার্চ সফল করতে শনিবার বিকালে ফেনী শহরের রামপুরে পাটোয়ারী বাড়ির সামনে প্রস্তুতি সভায় এমন বক্তব্য দেন তিনি।

সরকার পতনের এক দফা দাবিতে আগামী ৫ অক্টোবর এই কর্মসূচি পালন করবে বিএনপি। এর নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুলু বলেন, “ইয়াসিন আরাফাতকে স্লো পয়জনিং করে মারা হয়েছিল। আমরা ধারণা করছি খালেদা জিয়াকেও স্লো পয়জনিং করা হচ্ছে। এটি ধরা পরে যাবে বলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দিচ্ছে না।”

পুলিশ বাহিনী কোরআন শপথ নিলেও ‘দেশ রক্ষা না করে আওয়ামী লীগকে’ রক্ষা করছে বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা। তিনি বলেন, “আপনাদেরও বিচারের আওতায় আনা হবে। প্রয়োজনে আমরা তলোয়ার হাতে নিয়ে হলেও যুদ্ধ করব।”

বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, “বেগম জিয়াকে দ্রুত মুক্ত করে দিন। না হলে একদিকে খালেদা জিয়া কারাগার থেকে বের হবেন, অন্যদিকে শেখ হাসিনাকে কারাগারে ঢুকতে হবে।”

আবদুল আউয়াল মিন্টু বলেন, “ফেনীর ৭০ ভাগ মানুষ বিএনপির সমর্থক। বাকি ৩০ ভাগের জুজুর ভয়ে পিছু হটলে চলবে না। আওয়ামী লীগের মাস্তান বাহিনীকে কঠোর হাতে প্রতিহত করতে হবে।”

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেন, “এ সরকার আইসিইউতে আছে। যেকোনো সময় মৃত্যুর পরোয়ানা ঘোষণা হবে।

“পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনী সাবধান হয়ে যান। সরকারের গোলামি করা ছেড়ে দেন। আমাদের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে।”

প্রস্তুতি সভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের নেতারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *