সন্ধ্যা ৭:০৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষক স্বল্পতা কাটিয়ে ওঠার চেষ্টা : শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি :

প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষক স্বল্পতা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেছেন, “কোথাও কোথাও শিক্ষক স্বল্পতা আছে। সেই স্বল্পতা দূর করতে নানা ভাবে কাজ করছি। শুধু পাহাড় নয়, হাওর ও চর এলাকায় শিক্ষক স্বল্পতা রয়েছে, এটা বাস্তবতা। সেই বাস্তবতাকে মেনে নিয়েই আমরা কাজ করছি।”

বুধবার দুপুরে চাঁদপুর বাবুরহাট মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, “অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে দেশ। এটা শুধু দেশে নয়, সারা বিশ্বের মানুষ জানে। সম্প্রতি জি-২০ সামিটে প্রধানমন্ত্রী সেখানে সম্মানিত হয়েছেন। বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিরা যেভাবে দেশে আসছে, সবকিছু মিলিয়ে কি মনে হয়? কোথায় কোন পত্রিকা কিংবা কোথায় কে কী বললো তাতে কিছু যায় আসে না।

“আমরা নির্বাচনমুখী দল, আমরা জনগণের রায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি জনগণের কথা রেখেছি। জনগণ আমাদের উপর আবারও আস্থা বিশ্বাস রেখে আমাদের সুযোগ দিবে।”

অনুষ্ঠানে চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত ও বাবুরহার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *