
জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের এক গৃহবধূ জ্বীন ভূতের আচর থেকে রক্ষা পেতে গ্রামের মসজিদের ইমামের কাছে ঝাড়-ফু নিতে যান। এসময় ঘরের বাতি বন্ধ করে ওই গৃহবধূর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। এঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মা বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে।
রবিবার দুপুরে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ইমাম-পাঁচবিবি উপজেলার কামার গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে ফরিদ উদ্দীন (৩৭)।
মামলার এজাহার সূত্রে জানাযায়, কিছুদিন থেকে রাতে ঘুমের মধ্যে ওই গৃহবধূ জ্বীন ভূতের আচর ও খারাপ স্বপ্ন দেখে ভয় পেতেন। এজন্য গ্রামের মসজিদের ইমাম ফরিদ উদ্দীনের স্মরণাপন্ন হলে ওই গৃহবধূকে নিয়ে ফরিদ উদ্দীনের ঘরে আসতে বলে। ইমামের কথা মতো শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গৃহবধূকে নিয়ে তাঁর মা ওই মসজিদের ইমামের ঘরে নিয়ে যায়। পরে গৃহবধূকে মেঝেতে বসতে বলে তার মা ও সঙ্গে থাকা ব্যাক্তিকে বাহির থেকে বোতলে পানি আনতে বলেন। এই সুযোগে মসজিদের ওই ইমাম ঘরে বাতি বন্ধ করে জ্বীন ছাড়ার নামে গৃহবধূর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। পরে বাড়ী ফিরে ওই গৃহবধূ পরিবারের সবাইকে জানালে তার মা বাদি হয়ে থানায় মামলা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, এঘটনায় দুপুরে ভুক্তভোগীর পরিবার বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।