
বিনোদন প্রতিবেদক : কলকাতার স্টুডিও পাড়াতেই তার প্রেমের শুরু। প্রেমের পর ২০১৭ সালে বিয়ে করেন। যদিও বিয়ের পর সম্পর্কের টানাপোড়েনে পরেন তিনি। এরপর গেলো বছরের ফেব্রুয়ারিতে আইনি বিচ্ছেদ হয় তার। বলা হচ্ছিল কলকাতার অভিনেত্রী তিয়াসা লেপচা ও অভিনেতা সুবান রায়ের প্রেম – বিয়ে – ভাঙনের গল্প। ঘরভাঙার পর জন্মদিনে আবার নতুন সম্পর্কের কথা জানালেন তিয়াসা।
কলকাতার গণমাধ্যম থেকে জানা যায়, জন্মদিনের তিন দিন আগে থেকেই জন্মদিন উদযাপন শুরু করেন তিয়াসা। প্রতিবছর সিরিয়ালের সহ-অভিনেতা, কাছের বন্ধু এবং ভক্তদের সঙ্গে জন্মদিনটা উদযাপন করলেও এই বছর যুক্ত হয়েছে নতুন সদস্য। এমন আভাসই পাওয়া যাচ্ছে অভিনেত্রী তিয়াসা’র কথায়। তিনি জানান, জন্মদিন উদযাপন করেই ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। রোববার থেকে শুরু হয়েছে হুল্লোড়। রোববার দিনটা শুধুই কাটিয়েছেন তার ‘বাংলা মিডিয়াম’ এবং ‘কৃষ্ণকলি’র টিমের সঙ্গে। খাওয়াদাওয়া আর সঙ্গে জমিয়ে নাচ। ১৫ আগস্ট সকালটা ভক্তদের জন্য বরাদ্দ ছিল। আর রাতে ঘনিষ্ঠ বন্ধু এবং বিশেষ মানুষের সঙ্গে কেক কেটে নতুন বছরে পা দিলেন তিয়াসা।
জানা গেছে, জন্মদিনের দিন প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন তিয়াসা। এই বিষয়ে তিনি বলেন, হ্যাঁ, প্রেম করছি। জন্মদিনের জন্য বিশেষ জামা কিনে দিয়েছে সে। এখনই নাম বলতে চাই না। একসঙ্গে ভালো আছি। বাকিটা ক্রমশ প্রকাশ্য। শোনা যায়, ‘কৃষ্ণকলি’র নায়ক নীল ভট্টাচার্যের সঙ্গে প্রেম করছেন তিয়াসা। এরই মধ্যে নীল ও তার স্ত্রী অভিনেত্রী তৃণা সাহার সম্পর্কেও ভাঙনের গুঞ্জন ওঠে। আর সেটি নাকি নীলের সঙ্গে তিয়াসার বিশেষ বন্ধুত্বের কারণেই। তবে নিজেদের পরকীয়ার গুঞ্জন নিয়ে নীল বা তিয়াসা বরাবরই নীরব থেকেছেন। তাছাড়া পর্দায় নীল – তিয়াসা জুটিকে পছন্দও করেন দর্শকরা।
২০১৮ সালে থেকে জনপ্রিয় ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে বেশ কয়েক বছর টানা একসঙ্গে কাজ করেছেন নীল ও তিয়াসা। সম্প্রতি ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকেও আবার দুজনে জুটি। সিরিয়ালের পাশাপাশি একসঙ্গে বহু রিল ভিডিও বানান দুজন।