
স্টাফ রিপোর্টার :
ভারত নয়, দেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু।
রাজধানীর রবীন্দ্র সরোবরে আজ শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে এক জনসচেতনা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কাদের।
আওয়ামী লীগ শুধু রাজনৈতিক কর্মসূচি পালন করে না জানিয়ে কাদের বলেন, সবার আগে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। বাংলাদেশের মানুষকে বাঁচানোর রাজনীতি করে।
বিএনপি ডেঙ্গুর মতো ভয়ঙ্কর মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চারদিক থেকেই বিপদ। আজকে দেশের দুই শত্রু-বিএনপি আর ডেঙ্গু এদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। ৭৫’র পর তো তারা আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেয়নি। ভারত নয়, আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে এদেশের জনগণ।
বিএনপির এক দফা খাদে পড়ছে, তা আর বাস্তবায়ন হবে না বলেও মন্তব্য করেন কাদের। তিনি বলেন, ভারতীয় কূটনীতিকদের কথা শুনে বিএনপির নেতারা হাত-পা গুটিয়ে শুয়ে পড়েছেন।