
ডেস্ক রিপোর্ট :
মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে জামায়াতের যে কোন নাশকতা দমনে প্রস্তুত পুলিশ। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পুলিশ প্রধান বলেন, আপনারা দেখেছেন সেদিন রাতে যেই অবস্থা হয়েছিল তারা প্রথম বলেছিলেন একটা জানাজা করতে চান। ডিএমপি কমিশনার এর আগে তাদেরকে বলেছেন জানাজা করে তাদেরকে রাতে চলে যাওয়ার একটা ব্যবস্থা করবেন। একটা জানাজা করার জন্য তাদেরকে সময়ও দেয়া হয়। কিন্তু তারা সেই জানাজা করেন নাই। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেন।
তিনি আরও বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ পুলিশ বাহিনী সকল সদস্য আমরা আমাদের পর্যাপ্ত প্রশিক্ষণ আছে। আমরা আমাদের যত ধরনের প্রস্তুতি আছে, জনবল আছে এবং সরঞ্জাম আছে তা দিয়ে এই ধরনের যেকোনো আইন শৃঙ্খলা জনিত চ্যালেঞ্জ রয়েছে এবং যারাই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে আপনাদের অবস্থান কি জানতে চাইলে আইজিপি বলেন, রাজনৈতিক কর্মসূচির বিষয়ে আমাদের কোন কথা নেই। আমাদের কথা হচ্ছে যখনই নাশকতা হবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হবে সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
সাঈদীর চিকিৎসকের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ধানমন্ডি থানায় একটা জিডি করেছেন এই তথ্য পেয়েছি। আমরা তদন্ত করছি। তার সঙ্গে আমরা কথা বলে হুমকি দাদাকে চিহ্নিত করার চেষ্টা করব। তাকে চিহ্নিত করে আইনগতভাবে যে ব্যবস্থা নেয়া যায় সে ব্যবস্থাই নেয়া হবে।