
স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
বছর দুয়েক আগেই বার্সেলোনা ছেড়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। চলতি মৌসুমে ক্লাবটিতে আবারও দেখা যাওয়ার সুযোগ এসেছিল। কিন্তু সেটা নাকচ করে দিয়ে মেসি যুক্তরাষ্ট্রে ২ বছরের চুক্তিতে পাড়ি জমান। তবে আবারও ন্যু ক্যাম্পে খেলতে দেখা যেতে পারে লা মাসিয়ার এ তারকাকে। আর সেই ব্যবস্থা করে দেবেন তার নতুন ক্লাব ইন্টার মায়ামির কর্তারাই। বার্সেলোনার মাঠে যাতে মেসি আবার ম্যাচ খেলতে পারেন, সেই উদ্যোগ নেয়া হতে পারে ভবিষ্যতে। তবে সেটা কী হিসেবে সেটা বলেননি ক্লাব কর্তারা।
ফুটবল ক্যারিয়ারের সেরা সময়টা বার্সেলোনাতেই কাটিয়েছেন মেসি। ১০ বছর বয়স থেকে যে যাত্রা শুরু, তা শেষ হয় দু’বছর আগে। নতুন করে বার্সেলোনায় ফেরার জল্পনা তৈরি হলেও তা সত্য হয়ে ধরা দেয়নি। কিন্তু বার্সেলোনার মাঠে যাতে এক বার খেলে মেসি সব সমর্থককে বিদায় জানাতে পারেন, সেই ব্যবস্থা করা হবে মায়ামির তরফে। তবে মেসি খেলবেন তার নতুন ক্লাবের জার্সি পরেই। বার্সেলোনার জার্সি পরে নয়। খবর গোলডটকম
টেলর টোয়েলম্যান পডকাস্টের অফসাইডে উপস্থিত হয়ে মায়ামির অন্যতম মালিক জর্জ মাস বলেন, প্রদর্শনী ম্যাচ নাকি বিদায়ী ম্যাচ, কী ভাবে ব্যাপারটা হবে জানি না। তার বক্তব্য, বার্সেলোনা জোয়ান গ্যাম্পার ট্রফি খেলে প্রতি বছর। সেখানে প্রতি বছর একটি দলকে আমন্ত্রণ জানানো হয় খেলার জন্য। মায়ামিকে সেই ম্যাচে আমন্ত্রণ জানানো হতে পারে।
জর্জ বলেন, নতুনভাবে ন্যু ক্যাম্প খুলে দেয়ার পরে কোনো না কোনো সময় ম্যাচটা হবে। আগামী দেড় বছর ওরা ন্যু ক্যাম্পে কোনও ম্যাচ খেলবে না। তাই আশা করা যায় তার পরে ম্যাচ আয়োজন করা যাবে।
একই সঙ্গে জর্জ সতর্ক করে দিয়ে বার্সেলোনার সমর্থকদের বলেছেন, এমন নয় যে মেসি বার্সেলোনার হয়ে খেলবে। আমরা মোটেই ওকে লোনে ওই ক্লাবে পাঠাতে রাজি নই। তবে বার্সেলোনার সমর্থকদের তরফে শেষ একটা বিদায় ওর প্রাপ্য। আমার যতটুকু ক্ষমতা, তাই দিয়ে শেষ চেষ্টা করব মেসিকে ওর প্রাপ্য সম্মান দেয়ার।