বিকাল ৫:৪৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে কিশোরের লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় শয়ন শেখ (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে সদর উপজেলার নিধিখোলা কৈবিল মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শয়ন শেখ ওই গ্রামের মো. নাজমুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে শয়ন শেখ বাড়ি থেকে বের হয়ে বাড়ি ফেরেনি। পরে তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক ব্যক্তি মাঠে ধান দেখতে যাওয়ার পথে ঘটনাস্থলে তার লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের বাবা নাজমুল শেখ বলেন, আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

নিহতের মা মিতা বেগম বলেন, আমার ছেলের সঙ্গে কারো শত্রুতা ছিল না। আমার বুকের ধনকে যারা কেড়ে নিছে আমি তাদের ফাঁসি চাই।

চন্ডিবরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা কামাল বলেন, তিনি বিষয়টি সদর থানা পুলিশকে জানিয়েছেন। এ হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং ঘটনার সঙ্গে জড়িত নয় এমন কেউ যেনো হয়রানি না হয়।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন নড়াইলের পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, তারেক আল মেহেদী (ক্রাইম অ্যান্ড অপস্)।

পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা হয়েছে। আমদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি, খুব দ্রুত প্রকৃত ঘটনা জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *