সকাল ১১:৫৩ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসাধারণ একটা ট্রিপ। অনেক দিন পর একটি সৎ সিনেমা দেখলাম- জয়া আহসান

 

মাসুদ আলম :: দুই বাংলার দেবীখ্যাত জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি কখন কোন শহরে থাকেন, তা বুঝা মুশকিল বটে।  এর মধ্যে আবার সুযোগ বুঝে উড়াল দেন অন্য দূর দেশে, ভ্রমণে। এই যেমন সম্প্রতি ঘুরে এলেন যুক্তরাজ্য থেকে।

এতসব ব্যস্ততার ভিড়ে দেওয়া কথা রাখতে ভোলেন না । সেটার প্রমাণ মিলল গতকাল সোমবার  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অডিটোরিয়ামে। সেখানে চলছে বুয়েট ফিল্ম সোসাইটির আয়োজনে চলতরঙ্গ সিনেসপ্তাহ।

পাঁচ দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় দেখানো হয় যুবরাজ শামীম নির্মিত ‘আদিম’। যেটি বিখ্যাত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কৃত হয়েছে। গত ২৬ মে মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও। তবে দেশে না থাকায় সেটি দেখার সুযোগ পাননি জয়া আহসান। তাই যুবরাজের কাছে অভিনেত্রী বলে রেখেছিলেন, যখন ঢাকায় আবার ‘আদিম’র প্রদর্শনী হবে, তাকে যেন জানানো হয়। তিনি ছবিটি দেখতে চান।

সত্যিকার অর্থেই ‘আদিম’ দেখতে চেয়েছেন জয়া। তাই বুয়েটে ছবিটির প্রদর্শনীর কথা শুনে ছুটে গেছেন। চমকে দিয়েছেন উপস্থিত দর্শক-সংশ্লিষ্টদের। ছবিটি দেখার পর জয়া আহসান তার অনুভূতি বর্ণনা করেছেন এভাবে, “অনেকদিন ধরেই ‘আদিম’ দেখবো দেখবো ভাবছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। বুয়েটে শো’য়ের কথা শুনেই ছবিটি দেখতে এলাম। দর্শকের সাথে বসে যখন ‘আদিম’ দেখছিলাম, তখন সব কিছু বাদ দিয়ে শুধু ছবিটাই দেখতে বাধ্য হয়েছি। অসাধারণ একটা ট্রিপ। অনেকদিন পর একটি সৎ সিনেমা দেখলাম!”

এদিকে জয়ায় আগমনে মুগ্ধ, অবাক নির্মাতা যুবরাজ শামীম। বললেন, ‘জয়া আপার উপস্থিতি আমাকে ভীষণভাবে আপ্লুত করেছে। এর আগে তিনি বলছিলেন ছবিটা আবার ঢাকায় প্রদর্শিত হলে উনি দেখবেন। তবে বলতে দ্বিধা নেই, তখন আমি জয়া আপার কথাটা কথার কথা ধরে নিয়েছিলাম। কেননা তার নিজের বহু ব্যস্ততা রয়েছে। গতকাল (১০ জুলাই) ছবি প্রদর্শনীর ঠিক ১৫ মিনিট আগে জয়া আপা এসে হাজির! এতো এতো মানুষ এই ছবি নিয়ে কথা বলেছেন, এতো এতো রিকগনিশন! তবুও আমার ভীষণ প্রিয় এই অভিনেত্রীর আন্তরিক উপস্থিতি এবং তার সঙ্গে বসে নিজের ছবিটা দেখা, আমার কাছে এ-ও এক বড় প্রাপ্তি! তারচেয়ে বড় যোগসূত্র, তিনি দর্শকের রুচি বদলের জন্য কাজ করছেন; আর নির্মাণের মধ্য দিয়ে আমরাও সেই চেষ্টা করছি…!’

উল্লেখ্য, বুয়েট ফিল্ম সোসাইটির এই পাঁচ দিনব্যাপী আয়োজনে ‘আদিম’র আরও একটি শো থাকছে। সেটা দেখানো হবে বুধবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। ৫০ টাকা টিকিট মূল্যে ছবিটি দেখা যাবে। ‘আদিম’ নির্মিত হয়েছে গণ-অর্থায়নে। টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে এর শুটিং। এতে অভিনয় করেছেন ঐ বস্তির বাসিন্দা বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *