বিকাল ৩:৫৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬ দলের নাম মুখস্থ পারলে ফখরুলকে যা দেবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি শরিক ১২ অথবা ৩৬ দলের নাম মুখস্থ বলতে পারেন তাহলে তাকে ধন্যবাদ দেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (০৬ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি নিজেই এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আপনারা (সাংবাদিক) কোনো সংবাদ সম্মেলনে তাকে একবার জিজ্ঞেস করবেন — যদি ১২ কিংবা ৩৬ দলের নাম যদি মির্জা ফখরুল নিজে মুখস্থ বলতে পারেন তাহলে তাকে আমরা ধন্যবাদ জানাব।

তিনি আরও বলেন, বিএনপি জোটে আসলে কতটি দল আছে, সেটা নিয়ে একটি পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে। মাস্টার্সের একটি থিসিস অন্তত হতে পারে—বিএনপি জোটে কখন কতটি দল। তারা অনেকটা অ্যামিবার মতো। অ্যামিবা কখনো নিজেকে দ্বিখণ্ডিত করে, বাড়ে। সুতরাং বিএনপি ও অ্যামিবার মধ্যে প্রচুর মিল খুঁজে পাওয়া যায়।

ফিলিস্তিনির ইস্যুতে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ফিলিস্তিনি সাধারণ মানুষের ওপর ইসরাইলি সামরিক বাহিনী যেভাবে বিমান হামলা চালাচ্ছে, এতে প্রাণহানি ঘটছে, মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন, এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, যেসব দেশ বিভিন্ন সময় মানবাধিকার নিয়ে অন্য দেশগুলোকে পরামর্শ দেয়, তাদেরও কোনো বক্তব্য খুঁজে পাচ্ছি না। এটা দুঃখজনক। ফিলিস্তিনি শিশুদের পাথরের জবাবে ইসরাইলি বাহিনী বৃষ্টির মতো গুলি ছোড়ে। বোমা বর্ষণ করে নির্বিচারে মানুষ হত্যা করে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। যারা পৃথিবীতে মানবাধিকার নিয়ে কথা বলেন, তাদের নীরবতা আরও বেশি দুঃখজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *