
ডেস্ক রিপোর্ট :
লবণের দানার চেয়েও ক্ষুদ্র ‘মাইক্রোস্কোপিক’ ব্যাগটি বিক্রি হয়েছে। ব্যাগটি প্রায় ৬৩ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৬৯ লাখ টাকায় কিনে নিয়েছেন এক ক্রেতা। ব্যাগটি বুধবার (২৮ জুন) একটি অনলাইন নিলামে বিক্রি হয়। খবর বিবিসির।
৬৫৭ x ২২২ x ৭০০ মাইক্রোমিটার আকৃতির এই ব্যাগটি খালি চোখে ভালোভাবে দেখা যায় না। ভালোভাবে ব্যাগটি দেখার জন্য অণুবীক্ষণযন্ত্রের প্রয়োজন। ব্যাগটি ফটোপলিমার রেসিন দিয়ে তৈরি । এটি তৈরি করতে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হয়।
বিচিত্র এই ব্যাগটি তৈরি করেছে মার্কিন প্রতিষ্ঠান এমএসসিএইচএফ। বিলাসবহুল ফ্যাশনপণ্য নির্মাতা লুই ভিতনের একটি ব্যাগের আদলে এই ব্যাগটি তৈরি করা হয়।
নিলামের বেশ কিছুদিন আগে ব্যাগটি নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে এমএসসিএইচএফ। সেখানে তারা লিখেছিল, ‘ব্যাগটি লবণের একটি দানার চেয়েও ছোট। আর এতটাই পাতলা যে সুচের ফুটো দিয়ে বের হয়ে যেতে পারবে। ছোট্ট ব্যাগটি দেখতে আপনাদের অণুবীক্ষণযন্ত্রের সাহায্য নিতে হবে। ব্যাগটি আগামী সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে নিলামে তোলা হবে।
এমএসসিএইচএফ আরও বলেছে, ‘বাজারে বড়, সাধারণ আকৃতি ও ছোট হাতব্যাগ রয়েছে। তবে এটি হলো ব্যাগের আকার ছোট করার সবচেয়ে শেষ ধাপ।’
সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমেও নজর কেড়েছিল ব্যাগটি। ব্যাইনস্টাগ্রামে ব্যাগটির ছবিতে মজার মজার মন্তব্য করেছিল নেটিজেনরা।