রাত ১:৩৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ডেস্ক রিপোর্ট :
ময়মনসিংহের তারাকান্দায় আব্দুল খালেক (৫৫) নামে এক চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে উপজেলার কামারিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত খালেক ময়মনসিংহ মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকার বাসিন্দা। তিনি কামারিয়া ইউনিয়নের চর ফরিদপুর গ্রামে বিয়ে করে শ্বশুরবাড়িতে বাস করতেন।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, খালেক বুধবার (২৮ জুন) বিকালে অটোরিকশা নিয়ে বের হন। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। পরে মরদেহ উপজেলার কামারিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ডোবায় ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা ডোবায় মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *