রাত ১:৩৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানালো মেসিরা

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টাইনদের কাছে আলাদা স্থান করে নিয়েছে বাংলাদেশ। আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশিদের আবেগ মুগ্ধ করেছে তাদের। তার পর থেকে ভালোবাসার প্রতিদান ভালোবাসায় দিচ্ছেন তারা। সেটা দেখা গেছে বিভিন্ন উপলক্ষেও। এবার পবিত্র ঈদুল আজহাতে দেখা গেলো, বাংলাদেশিদের জন্য আলাদা ঈদের শুভেচ্ছা জানিয়েছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তাদের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমনই একটি বার্তা গতকাল রাতে দেওয়া হয়েছে।

মেসি, দি মারিয়া ও রদ্রিগো দি পলের ছবি সম্বলিত ইংরেজিতে লেখা একটি ঈদ কার্ডও পোস্ট করা হয়েছে। তবে ক্যাপশনে দেওয়া ঈদ বার্তাটি ছিল স্প্যানিশ ভাষায় লেখা। যার বাংলা করলে অর্থ দাঁড়ায়, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক। এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার স্মরণীয় মুহূর্ত।
ডিয়েগো ম্যারাডোনার সময় থেকেই আর্জেন্টিনাকে নিয়ে আলাদা উন্মাদনা রয়েছে বাংলাদেশের। ম্যারাডোনার পর সেই উন্মাদনার জোয়ার বইছে মেসিকে কেন্দ্র করে। কাতার বিশ্বকাপের পর এই ভালোবাসার আলাদা স্বীকৃতিও মিলছে আর্জেন্টাইনদের কাছ থেকে। ভারতের বিপক্ষে ওয়ানডেতে জয়ের পর বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমকে সমর্থন জানানোর জন্য ফেসবুকে খোলা হয়ে একটি গ্রুপ। তাছাড়া নিজেদের প্রিমিয়ার ডিভিশনের একটি ম্যাচের আগে বাংলাদেশের পতাকা মেলে ধরে কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা। সঙ্গে থাকা আর্জেন্টিনার পতাকার ওপরে প্রদর্শিত হয়েছে বাংলায় লেখা একটি বার্তাও। তাতে লেখা ছিল- ‘ধন্যবাদ বাংলাদেশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *