বিকাল ৫:৪৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে নিশোর ‘সুড়ঙ্গ’

বিনোদন ডেস্ক:
অনলাইনের কল্যাণে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে গেছেন আফরান নিশো। সেখানে তার অনুরাগীর সংখ্যা নেহায়েত কম নয়। সেই সংখ্যা দিনকে দিন বাড়ছে।
এতদিন পশ্চিমবঙ্গের দর্শক কেবল ছোটপর্দায় নিশোর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন। তবে এবার তারা বাংলাদেশি এই প্রিয় তারকার প্রথম সিনেমা দেখার সুযোগ পাবেন বড়পর্দায়। কারণ, সেখানকার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি।
টলিউডের নামজাদা প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ (এসভিএফ) কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে মুক্তির দেবে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এমনটাই জানানো হয়েছে।
ছবির একটি পোস্টার প্রকাশ করে এসভিএফ কর্তৃপক্ষ লিখেছে, আফরান নিশো শিগগিরই আসছে এবার বড়পর্দায়। রায়হান রাফীর সবচেয়ে প্রতিক্ষীত সিনেমা ‘সুড়ঙ্গ’ নিয়ে। দেখা হবে সিনেমা হলে।
তবে কবে নাগাদ মুক্তি পাবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি এসভিএভ। জানা গেছে, ভারতে বাংলাদেশি ছবি প্রদর্শনের বিষয়ে তেমন কোনো জটিলতা পোহাতে হয় না। তাই যেকোনো সময় মুক্তি দেওয়া হতে পারে।
এদিকে রাফহান রাফীও গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। তার কথায়, এটা সত্যিই আনন্দের খবর৷ ‘সুড়ঙ্গ’ কলকাতাসহ পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলোতে দেখা যাবে। আমরা আশা করছি সেখানে ভালো সাড়া পাব।
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমাটির আইটেম গান ‘কলিজা আর জান’। মুক্তির পরপরই দারুণ সাড়া ফেলেছে গানটি। এই গানে ঝড় তুলেছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। সঙ্গে আছেন নায়ক আফরান নিশোও।
সিনেমায় নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *