
বিনোদন ডেস্ক:
ভারতের চর্চিত তারকাদের মধ্যে অন্যতম নোরা ফাতেহি। কলেজের পড়াশোনা শেষ না করে নিজের ক্যারিয়ার তৈরি করতে ভারতে যান নোরা। নাচে দক্ষতার জন্য চলচ্চিত্রে কাজ পান তিনি। হিন্দি ছবিতে ‘আইটেম সং’য়ের প্রয়োজন হলে পরিচালক-প্রযোজকদের ডাক পড়ে তার। দুর্দান্ত বেলি ড্যান্সের মাধ্যমে অল্প সময়ে খ্যাতি, যশ সবই পেয়েছেন।
কয়েক মিনিটের নাচের জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন এই তারকা। ছবিতে অভিনয় চলছিলই, তবে বরাবরই নাচেই বিশেষ জোর দেন নোরা। ফলও পেয়েছেন হাতেনাতে। এবার অভিনেত্রী, নৃত্যশিল্পীর বাইরে নতুন এক পরিচয় সংযোজিত হল তার নামের পাশে। বলা ভালো, তার সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হল। প্রযোজক হিসেবে অভিষেক হলো তার। পাশপাশি গায়িকা নোরার প্রথম ভিডিও এল প্রকাশ্যে।
এর আগে গুরু রণধাওয়া, হার্ডি সন্ধু ও রাফতারের মতো গায়কের সঙ্গে মিউজিক ভিডিওর কাজ করেছেন নোরা। শুধু বলিউডের মধ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও খ্যাতি পেয়েছেন তিনি। জ্যাক নাইট ও রেভ্যানিরর মিউজিক ভিডিওর নাচের দৃশ্যে তাকে দেখা গেছে। তবে এবার তার নিজের গাওয়া গানের ভিডিও এসেছে প্রকাশ্যে, নাম ‘সেক্সি ইন মাই ড্রেস’। একেবারে আন্তর্জাতিক মানের একটি কাজ। গানের প্রযোজক গায়িকা নিজেই। পরিচালনার দায়িত্বে ছিলেন একজন মরোক্কান পরিচালক। নৃত্যগুরু যদিও ভারতীয়।
নোরার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এই গান। যদিও এর আগে বিশ্বকাপে মঞ্চে ‘লাইট দ্য স্কাই’ গানে গলা মেলাতে শোনা যায় তাকে। তবে এবার একটা মিউজিক ভিডিও বের করলেন তিনি।
নোরার এই পদক্ষেপের সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার। প্রাক্তন বিশ্বসুন্দরী হলিউডের প্রথম পা রাখেন মিউজিক ভিডিওর মাধ্যমে। তাহলে কি তারও পাখির চোখ হলিউড? সময়ই জানিয়ে দেবে উত্তর।