
পূবাইল প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইলে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (১১ জুন) ভোর তিনটায় পূবাইল থানাধীন হায়দরাবাদ মধ্যপাড়া মাগুরারটেক এলাকায় নাসিমার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পূবাইল থানা পুলিশের কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
নাসিমার ছোট ভাই ওয়াদুদ মিয়া জানান, রোববার রাত তিনটা থেকে চারটার দিকে ৬-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নাসিমা বেগমের বাড়ির জানালার গ্রীল কেটে ডাকাত দলের সদস্যরা ভিতরে প্রবেশ করে। এসময় বাড়ির মালিক নাসিমা বেগম বাড়িতে ছিলেন না। বাড়িতে ছিলেন নাসিমার ছোট ভাই ওয়াদুদ মিয়া তার স্ত্রী সন্তান ও তার বৃদ্ধা মা। পরে ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রের মুখে আমাকে, আমার বৃদ্ধা মা এবং আমার স্ত্রীকে হাত-পা বেঁধে এক রুমে আটকে রেখে লুটপাট চালায়। ওই সময় নগদ ৬০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও ৪২ ইঞ্চি স্মার্ট টিভি নিয়ে ডাকাতেরা চলে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ডাকাতির একটি ঘটনা শুনেছি। এ বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে, যারা এ ঘটনার সাথে জড়িত তাদের খুব দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান তিনি।