বিকাল ৫:৩২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে গাছে গাছে বাসা বেঁধে পাখির অভয়াশ্রম তৈরি করলো ‘ প্রত্যুষ আলো’

 

জাহাঙ্গীর শাহ, মানিকগঞ্জ থেকে :
মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের গাছে গাছে বাসা বেঁধে পাখির অভয়াশ্রম তৈরী করেছে ‘প্রত্যুষ আলো’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বুধবার (৭ জুন) বিকেলে প্রতিষ্ঠানটির ১১টি গাছে ১১টি বাসা বেঁধে দেয় সংগঠনটির সদস্যরা।

এর আগে প্রতিষ্ঠানের শহীদ মিনার পাদদেশে আনুষ্ঠানিকভাবে এই পাখির অভয়াশ্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক মোঃ জাকির হোসেন, ‘প্রত্যুষ আলো’র সভাপতি রফিকুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম রাসিবসহ সংগঠনের প্রতিনিধিরা।

প্রত্যুষ আলোর সভাপতি রফিকুল ইসলাম অনিক বলেন, ‘আমি মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী। আমি এই প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাশ করার পর স্কলারশীপ নিয়ে চীনে যাই। সেখান থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করে সম্প্রতি দেশে এসেছি। আমাদের দেশে বর্তমানে ঝড়, অতিবৃষ্টিসহ পরিবেশ বিপর্যয়ের কারণে পাখির অভয়াশ্রম কমে গেছে। পাখীর প্রতি ভালোবাসা এবং অন্যদের অনুপ্রানিত করতেই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করি। আজ আমরা ১১টি গাছে বাসা বেঁধে দিয়েছি। পর্যায়ক্রমে এই প্রতিষ্ঠানের সবগাছে এবং অন্য প্রতিষ্ঠানের গাছেও বাসা বেঁধে পাখির অভয়াশ্রম করার ইচ্ছা আছে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম রাসবি বলেন, ‘আমি গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে ট্রিপল ই’তে বিএসসি সম্পন্ন করেছি। আমরা কয়েকজন বন্ধুরা মিলে ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করি। এরপর, আমরা স্বেচ্ছায় রক্তদান, বালয়বিয়ে প্রতিরোধ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বৃক্ষরোপণ, বয়স্ক শিক্ষা কর্মসূচি পালন করে আসছি। আমরা আমাদের পকেটের টাকা দিয়ে এসব করি।’

মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান বলেন, ‘ সংগঠনের প্রতিনিধিরা যখন আমার কাছে এসে গাছে পাখির বাসা বেঁধে দেওয়ার প্রস্তাব এবং অনুমতি চায়, আমি তাৎক্ষণিক ওদের সাথে একমত পোষণ করি। ওদের এই উদ্যোগকে স্বাগত জানাই। এটি অত্যন্ত প্রশংসার দাবি রাখে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *