
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে বসবাসরত ক্ষেতলাল উপজেলার স্থায়ী বাসিন্দাদের নিয়ে ‘জয়পুরহাটস্থ ক্ষেতলাল সমিতি’ নামের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন গঠন করা হয়েছে। আজ শনিবার সকালে জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় কুশুম কিচেন চাইনিজ রেষ্টুরেন্ট এর কনফারেন্স রুমে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে। ওইদিন গঠনতন্ত্র প্রনয়ণের পর ভর্তি কার্যক্রমও পরিচালনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কষিবিদ মো: আব্দুল হান্নানকে সভাপতি এবং ব্যবসায়ী ও ঠিকাদার কে.এম সাফি রায়হানকে সাধারণ সম্পাদক মনোনীত করে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক কালের কন্ঠ ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন চ্যানেলের জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরী। আলোচনা সভায় সমিতি গঠন এবং প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক খোরশেদ আলম, প্রভাষক এরশাদ আলী, প্রভাষক আব্দুল আলীম,সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংগঠনের সভাপতি আব্দুল ওয়াদুদ ফাররোখ, শিক্ষক আবু রেজা, দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি ও শিক্ষক মশিউর রহমান সহ অন্যরা।
‘আমরা পরস্পর পরস্পরের জন্য’ আঞ্চলিক কল্যাণমুখী জয়পুরহাটস্থ ক্ষেতলাল সমিতির প্রধান লক্ষ্যই হলো জয়পুরহাটে বসবাস করা ক্ষেতলাল উপজেলার সকল শ্রেণিপেশার মানুষদের মধ্যে একটি অহিংস সেতুবন্ধন তৈরি করা। এই সংগঠনের মাধ্যমে পরিবারবর্গ সহ সকল সদস্য পরস্পর পরস্পরকে জানবে,চিনবে এবং একে অপরের পরিপুরক হয়ে জীবনযাপন করবেন। সমিতির সকল কার্যক্রমই পরিচালিত হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছতার মাধ্যমে। পাশাপাশি দেশ তথা সমাজের কল্যাণে সামাজিক কার্যক্রমও পরিচালনা করবে। পরিচালনা কমিটির মেয়াদ হবে এক বছর। শুরুতে স্বল্পসংখ্যক সদস্য নিয়ে এটি যাত্রা শুরু করলেও জয়পুরহাট জেলায় বসবাসরত সকলের সাথে যোগাযোগের মাধ্যমে এর ব্যপ্তি সম্প্রসারিত করা হবে।