
বিনোদন প্রতিবেদক : হিন্দি ছবির বাইরেও দক্ষিণের তামিল, তেলেগু, মালয়ালাম ছবিতে হিন্দি চলচ্চিত্রের মহিলা সুপারস্টার শ্রীদেবীর অভিনয় মন কেড়েছিল দর্শকদের। তার দর্শক – ভক্ত – শুভাকাঙ্ক্ষীর অনেকেই জানেন না, পশ্চিমা তথা হলিউডি ছবির জগতেও নিজের প্রতিভার দ্যুতি ছড়াতে পারতেন তিনি। ‘মম’ (২০১৭) ছবির প্রচারে শ্রীদেবী নিজেই বলেছিলেন তার হলিউড যাত্রার সম্ভাবনার কথা। এই ‘মম’ই ছিল শ্রীদেবী অভিনীত শেষ ছবি। সেই ছবির প্রচার অনুষ্ঠান নানা কারণে স্মরণীয় হয়ে থেকে গেছে। তখন শ্রীদেবীর দুঃসাহসিকতার গল্প তার মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা।
অনেকের কাছে এখনও অজানা – হলিউডে গেলেন না কেনো শ্রীদেবী ? জীবদ্দশায় এই প্রশ্নের কৌতূহল মেটান তিনি। শ্রীদেবী তখন সাফ জানান, সেই সময়ে হলিউডের তেমন গুরুত্ব ছিল না তার কাছে! শ্রীদেবী জানান, ১৯৯৩ সালের ঘটনার কথা। তখন বিশ্বখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ স্বয়ং প্রস্তাব দিয়েছিলেন শ্রীদেবীকে। ছবিটি ছিল ‘জুরাসিক পার্ক’! কিন্তু ওই ছবিতে অভিনয়ে রাজি হননি শ্রীদেবী। এমন সুযোগ কেন হেলায় হারালেন তিনি ? শ্রীদেবীর সহঅভিনেতা অক্ষয় খান্না জানতে চেয়েছিলেন তার কাছে। শ্রীদেবী স্পষ্ট বলেন, তখনকার দিনে হলিউড ছবিতে অভিনয় করা এমন কিছু বড় বিষয় ছিল না। হালে এটা গর্বের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
‘জুরাসিক পার্ক’ ছবিটি মুক্তির যেমন সমালোচকদের প্রশংসা পেয়েছিল, তেমনই বাণিজ্যিক সাফল্যও পেয়েছিল। বিশ্বজুড়ে ৯০০ মিলিয়ন ডলার ছিল এই ছবির বক্স অফিস সংগ্রহ। শ্রীদেবী শুধু ‘জুরাসিক পার্ক’ই নয়, নিজের ক্যারিয়ারের সুবর্ণ সময়ে আর একটি গুরুত্বপূর্ণ ছবি ছেড়ে দিয়েছিলেন। ‘ডর’ ছবিতে যে চরিত্রে পরে জুহি চাওলা অভিনয় করেন, সেটির প্রস্তাব পেয়েছিলেন শ্রীদেবী। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘চাঁদনি’ ও ‘লামহে’ করার পর ‘ডর’ এর চরিত্রটা আমার কাছে সাদামাটা মনে হয়েছিল।তখন শ্রীদেবীর দাবি ছিল, জুহি যে চরিত্রটা করেছিলেন, সেটা তার জন্য নতুন রকমের ছিল, তার উপযুক্তও ছিল।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি শ্রীদেবীর রহস্যজনক মৃত্যুতে তাজ্জব হয়ে যায় বলিউডসহ গোটা ভারতীয় চলচ্চিত্র জগৎ। অন্যদিকে, তার মৃত্যুর সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি কাপুর পরিবার।