
বিনোদন প্রতিবেদক : লাক্স তারকা ও জনপ্রিয় মডেল – অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ‘পরাণ’ ও ‘দামাল’ ছবির কল্যাণে চলচ্চিত্রে বেশ আলোচিত হয়েছিলেন। এই দুই ছবির পর গ্ল্যামারাস এই তারকা আসছেন তার নতুন একটি ছবি নিয়ে। এটির ‘অন্তর্জাল’। প্রযুক্তির উৎকর্ষে আগামীর সাইবার যুদ্ধে দেশের সাইবার যোদ্ধারা কতোটা প্রস্তুত – এই ভাবনা থেকে নির্মিত হয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। এটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। ঈদুল আজহায় মুক্তিপ্রতিক্ষীত মিম অভিনীত এই ছবিটির পোস্টার প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। বিদ্যা সিনহা মিম ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুরেরাহ বিনতে কামাল, এবিএম সুমন প্রমুখ।
নির্মাতা দীপন জানান, আগামী কোরবানির ঈদে ‘অন্তর্জাল’ আসবে এটা চূড়ান্ত। চলতি মাসের মধ্যে সেন্সর হয়ে হবে। তিনি আরও জানান, তার আগের দুই ছবির চাইতে ‘অন্তর্জাল’ তার কাছে সবচেয়ে কঠিন চলচ্চিত্র। চরিত্রগুলো মানানসই করতে সিয়াম, মিম, সুমন, সুনেরাহ অনেক সময় দিয়েছেন। তাদের পারফরমেন্সে তিনি রীতিমতো মুগ্ধ। সুনেরাহ রোবট বানানো শিখতে দীর্ঘদিন একটি ল্যাবে গিয়ে কাজ করেছে এবং সত্যিকারের একটি ল্যাবে গিয়ে শুটিং করা হয়েছে।
নিজের মুক্তি প্রতীক্ষিত এই ছবিটি নিয়ে মিম বলেন, ইন্টারনেটের দুনিয়া রহস্যময়, যেখানে অসাবধানতা মানেই বিপদ। সেই বিপদের কারণ কী ? মানুষ নাকি অন্যকিছু ? আমাদের মানবজাতির ভবিষ্যৎ কী ? সেই সব রহস্যের জাল আর চাল নিয়ে ঈদুল আজহায় আসছে বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’। রহস্যের উদঘাটনে আপনিও যোগ দিন।
জানা গেছে, ‘অন্তর্জাল’ ছবির গল্প লিখেছেন দীপঙ্কর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।