
বিনোদন প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের তাপ নিয়ন্ত্রণে ‘চিফ হিট অফিসার’ হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন বুশরা আফরিন। তিনি ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের মেয়ে। তবে বুশরা’র এসব ছাপিয়ে এবার মিললো নতুন তথ্য। জানা গেছে, ‘চিফ হিট অফিসার’ হিসেবে আলোচনায় আসার আগেই অভিনয়ের খাতায় নাম লিখিয়েছেন এই সুন্দরী তরুণী। বুশরা অভিনয় করেছেন নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭০০ টাকা’য়। এতে তিনি গায়ক – অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূরের সঙ্গে অভিনয় করেছেন বলে জানা গেছে।
জানা গেছে, ইউটিউবে উন্মুক্ত থাকা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে ১১ মিনিট ২৪ সেকেন্ড থেকে দেখা যায় ‘হিট অফিসার’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হওয়া বুশরাকে। এতে তার অভিনীত চরিত্রটির দৈর্ঘ্য ছোট হলেও অভিনয় নাকি তিনি ভালোই করেছেন – এমন মত প্রকাশ করছেন নেটিজেনরা। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। বুশরা একই পরিচালকের আন্তর্জাতিকভাবে আলোচিত চলচ্চিত্র ‘মশারি’র প্রযোজক। আর এটা ছবিটির ট্রেলারের ক্রেডিট লাইনে দেওয়া আছে।
যদিও বুশরার অভিনয় বা প্রযোজনার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি, কারণ ‘চিফ হিট অফিসার’ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে। বুশরা’র অভিনয় ও প্রযোজনা প্রসঙ্গে নুহাশ হুমায়ূনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এই বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাড়া দেননি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, অভিনয় অধ্যায়ের প্রতি বুশরা আফরিনের আগ্রহ বেশ পুরনো। আর এরই অংশ হিসেবে নুহাশের অনুরোধে এই দুটি প্রজেক্টে নিজেকে জড়ান বুশরা।
জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন ঢাকার তাপমাত্রা কমাতে ডিএনসিসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তির ভিত্তিতে ডিএনসিসিতে ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পেয়েছেন। বুশরা এশিয়ার প্রথম সিএইচও। তিনি ঢাকা উত্তরের তাপমাত্রা নিয়ন্ত্রণে নেতৃত্বে দেবেন। এক্ষেত্রে শহরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করবেন বুশরা।
উল্লেখ্য, বুশরা আফরিন কানাডায় গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে লেখাপড়া করেছেন। তিনি ছাড়া বিশ্বের আরও সাত শহরে একই পদে কাজ করছেন সাত নারী।