
বিনোদন প্রতিবেদক : জল্পনা – কল্পনার পর ঘোষণার বেশ দেরিতেই শুটিং শুরু হতে যাচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির। কয়েক বছর আগে ছবিটি নির্মাণের ঘোষণা করা হলেও নানা কারণে এতদিন কাজ শুরু হয়নি। তবে সম্প্রতি প্রিয়তমা ছবির নির্মাতা হিমেল আশরাফ ঘোষণা দিয়েছেন খুব শীঘ্রিই তিনি ছবিটির নির্মাণ কাজ শুরু করবেন।
পুরনো ঘোষণার সময় বলা হয়েছিল – এই ছবিতে কিং খানের পর্দাজুটি হবেন বুবলী। কিন্তু নতুন করে সাম্প্রতিক ঘোষণায় হিমেল আশরাফ জানান, ছবিতে শাকিবের প্রিয়তমা চরিত্রের জন্যে কলকাতায় নায়িকা খোঁজা হচ্ছে। ওই ঘোষণার পর বেশ কয়েকজন নায়িকা নিয়ে গুঞ্জন ছিল – কে হচ্ছেন শাকিব খানের প্রিয়তমা। তবে এবার জানা গেল প্রিয়তমা’র নাম পরিচয়৷ একটি সূত্রে জানা গেছে, কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ইধিকা পাল শাকিবের প্রিয়তমা হচ্ছেন। ঢাকা – কলকাতা এবং আরও সূত্র মতে জানা ইধিকা পালের নাম।
জানা যায়, কলকাতার টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী এই ইধিকা পাল। অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী সুন্দরী – গ্ল্যামারাস কলকাতার শোবিজের এই উঠতি তারকা। তার অভিনীত প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এই ধারাবাহিকে পদ্মাবতীর চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো এই তরুণী অভিনেত্রী দুই বাংলার দর্শকের মন জয় করেন। এরপর জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক রিমলির প্রধান নায়িকা ছিলেন এই ইধিকা পাল। এরপর তিনি জি বাংলার পিলু সিরিয়ালেও অভিনয় করেন। জানা গেছে, টিকটকেও বেশ জনপ্রিয় এই তরুণী।
জানা যায়, টেলিভিশন নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী এখন পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেননি নিজ দেশের বাইরে বাংলাদেশী চলচ্চিত্রে শাকিবের প্রিয়তমা হিসেবেই চিত্রনায়িকা হিসেবে আত্মপ্রকাশ করার সম্ভাবনা ইধিকার।
ইধিকা পাল অভিনয়ে যুক্ত হওয়ার আগে কলকাতার কেকে দাস কলেজ থেকে অ্যাকাউনটেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা করেন।জানা গেছে, আগামী ৮ মে থেকে শাকিব খানের নতুন ছবি ‘প্রিয়তমা’র শুটিং শুরু হবে। ছবিটি ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় তৈরি হচ্ছে। এটি মুক্তি পাবে আসছে কোরবানি ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে।