
এ শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি), ঝিনাইগাতী অনিন্দিতা রানী ভৌমিক এবং সহকারী কমিশনার(ভূমি), শ্রীবরদী হাসিব-উল-আহসান এর বদলিজনিত বিদায় উপলক্ষে এক আন্তরিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। রবিবার (২২নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মিজ্ ফরিদা ইয়াসমিন। উক্ত বিদায়ী অনুষ্ঠানে জেলা পরিষদের সিইও দীপংকর রায়, উপপরিচালক স্থানীয় সরকার মিজ্ আরিফা সিদ্দিকা, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ (ভূমি), এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী অতিথিদের দীর্ঘ সময় অবস্থানকালে দায়িত্বশীলতা, দক্ষতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন। শেরপুর জেলায় কর্মকালীন সময়ে রাজস্ব প্রশাসনসহ সার্বিক প্রশাসনিক কার্যক্রমে তাঁদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং তাঁদের সুস্বাস্থ্য, সুখী পারিবারিক জীবন ও ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।