
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে পূর্বশত্রুতার জেরে এক নারীর বাড়িঘর ও দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পাঁচটি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র ও দোকানের মালামালসহ সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরপাড়া গ্রামের রাহেলা নামের এক নারীর বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনে বাড়ির পাঁচটি ঘর ও দুটি দোকান পুড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে একদল লোক পরিকল্পিতভাবে ওই বাড়িতে আগুন দিয়েছে। তবে বিরোধের সুনির্দিষ্ট কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তারিকুল ইসলাম বলেন, ঠাকুরপাড়া এলাকায় রাহেলা নামের এক নারীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এর আগেই বাড়িঘর ও দোকান পুড়ে যায়। বাড়ির মালিক তাঁদের জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে একদল লোক আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আওয়ামী লীগ নাকি বিএনপির লোকজন এ ঘটনায় জড়িত, সেটিও তদন্ত করা হচ্ছে।