
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় ৩০ শতাংশের কম শিক্ষার্থী পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২৬ মাসের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের গড় পাসের হার ৩০ শতাংশের নিচে রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিদের অনুরোধ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন স্বাক্ষরিত চিঠিটি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে উপজেলার যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ৩০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।