সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টের নিবন্ধন শুরু, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত

 

চবি প্রতিনিধি:

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২৬’। তৃতীয়বারের মতো আয়োজিত এ উৎসবের আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। ইতোমধ্যে উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ১৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। জনপ্রতি নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।
বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান উৎসবের সদস্যসচিব ও চবিসাসের যুগ্ম সম্পাদক মুহাম্মাদ মুনতাজ আলী।
‘সত্য, সাহস এবং সংগ্রামে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০টি সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকেরা। তরুণ ক্যাম্পাস সাংবাদিকদের একত্রিত করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক ঐক্য ও সংহতি জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

দিনব্যাপী এ আয়োজনে থাকছে ‘বেস্ট ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিস্ট অ্যাওয়ার্ড’, সেমিনার, প্যানেল আলোচনা, স্টোরিটেলিং সেশন, নির্বাচিত সংবাদ প্রদর্শনী, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট।
‘বেস্ট ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড’-এর আওতায় দুটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে ইনভেস্টিগেটিভ নিউজ বিভাগে গভীর অনুসন্ধান ও গবেষণাভিত্তিক প্রতিবেদন এবং ফিচার নিউজ বিভাগে সৃজনশীল, তথ্যবহুল ও মানবিক গল্পভিত্তিক প্রতিবেদনকে স্বীকৃতি দেওয়া হবে।
এ ছাড়া সেমিনারে সাংবাদিকতার সমসাময়িক বিষয়, চ্যালেঞ্জ ও নতুন প্রবণতা নিয়ে আলোচনা হবে। প্যানেল আলোচনায় অংশ নেবেন গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিক ও ব্যক্তিত্বরা। স্টোরিটেলিং সেশনে তুলে ধরা হবে সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ গল্প। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নির্বাচিত সংবাদ প্রদর্শনের ব্যবস্থাও থাকছে।
উৎসবটি সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ এবং আটটি উপকমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সমন্বয়ক হিসেবে রয়েছেন চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, আহ্বায়ক হিসেবে সাধারণ সম্পাদক সোহেল রানা এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন যুগ্ম সম্পাদক মুনতাজ আলী।
অন্যদিকে, আটটি উপকমিটির দায়িত্বে রয়েছেন করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড স্পনসর টিমের আজিমুল ইসলাম, লজিস্টিকস অ্যান্ড ভেন্যু ম্যানেজমেন্ট টিমের রেদওয়ান আহমদ, ট্রান্সপোর্ট, অ্যাকোমোডেশন অ্যান্ড ডিসিপ্লিন টিমের আতিকুর রহমান, আইটি, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডকুমেন্টেশন টিমের গোলাম রব্বি, ম্যাগাজিন অ্যান্ড পাবলিকেশন টিমের মহসিন, ডেলিগেট কো-অর্ডিনেশন টিমের জাহিদুল হক, ফুড অ্যান্ড হসপিটালিটি টিমের মো. ফুয়াদ মন্ডল এবং প্রেস, মিডিয়া অ্যান্ড অ্যাওয়ার্ড টিমের মো. শামীম হোসাইন।

আয়োজন প্রসঙ্গে সদস্যসচিব মুনতাজ আলী বলেন, ‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট শুধু একটি উৎসব নয়; এটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের একত্রিত হওয়ার, অভিজ্ঞতা বিনিময়ের এবং নিজেদের পেশাগত দক্ষতা শাণিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা চাই, এই আয়োজনের মাধ্যমে তরুণ সাংবাদিকদের মধ্যে সত্যনিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও শক্তিশালী হোক। দেশের প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের অংশগ্রহণে উৎসবটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে বলে আমরা আশাবাদী।’
আগ্রহী প্রতিনিধিরা নির্ধারিত নিবন্ধন ফরম পূরণের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন। নিবন্ধন লিংক: https://forms.gle/ymXbsYzR4LsTvQ8w6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *