
বাসুদেব বিশ্বাস,বান্দরবান : গ্রাম পুলিশের দক্ষতা ও কর্মক্ষমতা বাড়াতে বান্দরবানে শুরু হয়েছে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উদ্যোগে বান্দরবান সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে সদর উপজেলার ৬টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ।
রবিবার (১ নভেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজনীন সুলতানা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি এর সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকার, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এস এম মনজুরুল হক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল এবং ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা মো.মামুনুর রহমানসহ সদর উপজেলার ছয়টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্য ও বিভিন্ন সরকারী দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসেবামূলক কাজে গ্রাম পুলিশের ভূমিকা আরও কার্যকর করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বাড়বে এবং গ্রাম পুলিশ আরো বেশি দক্ষ বাহিনী হিসেবে পরিণত হবে।
এসময় বক্তারা, গ্রাম পুলিশের প্রতিটি সদস্যকে মাসব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার আহবান জানান এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখার আহবান জানান।