
টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরার দারুল মাকাম মাদ্রাসার উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গাজীপুরা ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন সালাউদ্দিন সিকদার মুক্তাদির। হাফেজ মাওলানা মুফতি ইউসুফ সামী ও হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক সাদীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারুন উর রশিদ এবং ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন হাফেজ মাওলানা ক্বারী আব্দুর রহিম আল মাদানী। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা ক্বারী আবু হানিফা সিকদার, মুফতি আব্দুল মুমিন গাজীপুরী, মুফতি শাহাদাত হোসাইন হালুয়াঘাট, মুফতি নাসিরুদ্দিন আশরাফী ও মাওলানা মাহদী বিন রফিক।
এছাড়াও মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মাহফিলে ইসলামের শিক্ষা, আদর্শ, নৈতিকতা ও মানবকল্যাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।