সকাল ৬:৪২ শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে চোর সন্দেহে যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) ভোরে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে মেধাবিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মো. রানা টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর ২ নম্বর ব্লক এলাকার বাসিন্দা। তিনি বাচ্চু মিয়া ও রেহেনা বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টার দিকে গাজীপুরা পশ্চিমপাড়ার মো. হানিফের বাড়িতে রানা প্রবেশ করলে তাকে চোর সন্দেহে আটক করা হয়। এ সময় বাড়ির ম্যানেজার ও কয়েকজন ভাড়াটিয়া তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে রানা গুরুতর আহত হন এবং তার মৃত্যু হয় বলে স্থানীয়দের অভিযোগ।
পরে সকাল সাড়ে ১১টার দিকে মেধাবিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে রানার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা ও হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *