সন্ধ্যা ৬:৫৬ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জনের নিবন্ধন, সময়সীমা শেষ

অনলাইন ডেস্ক :

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও দেশের বাইরে অ্যাপে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টায় নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে।

নির্বাচন কমিশন বলছে, ভোটের জন্য মোট নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। এরমধ্যে দেশের ভেতরে থেকেই নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। এরমধ্যে সরকারী চাকরিজীবী ৫ লাখ ৭৫ হাজার ২শ জন। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ১ লাখ ৬৯ হাজার ৬শ ৪২ জন। আনসার ভিডিপি ১০ হাজার ১০ জন। আর কারাগার থেকে ভোটদিতে নিবন্ধন করেছেন ৬ হাজার ২শ ৮৩ জন।

১২৩টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যলটে ভোট দিতে নিবন্ধন করেছেন। প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে, যার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসে ১৯ নভেম্বর নিবন্ধন শুরু হয়। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করতে পারছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটারা এবং পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে।ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে তারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

উল্লেখ্য, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *