রাত ৪:৩৪ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘হাইজিন কর্নার’

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় বরিশালের উজিরপুর উপজেলার চারটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও একটি মহিলা কলেজে ‘হাইজিন কর্নার’ উদ্বোধন করা হয়েছে।রোববার (৩১ আগস্ট) ‘হাইজিন কর্নার’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

এ সময় তিনি বলেন, ‘একটি সুস্থ জাতি গড়তে হলে আমাদের মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই হবে। আজকের কিশোরীরাই আগামী দিনের মায়েরূপে একেকটি জাতির ভবিষ্যৎ বহন করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস. এম. আলাউদ্দিন, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শত শত শিক্ষার্থী। তাদের চোখেমুখে ছিল কৃতজ্ঞতার দীপ্তি, যেন এই ক্ষুদ্র প্রয়াসও তাদের জীবনে এনে দিল এক বিশাল স্বস্তি।

উপজেলার যোগিরকান্দা মহিলা কলেজ ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং কালবিলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপন করা হয় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন। মেয়েরা যাতে আর সংকোচ না করে, লজ্জা না পেয়ে নিজস্ব স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারে—এটাই ছিল আয়োজনের মূল বার্তা।

স্থানীয় মানুষের মতে, এই আয়োজন গ্রামীণ সমাজে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতার নতুন দুয়ার খুলে দিল। এ আয়োজন ছিল শুধু একটি প্রকল্পের উদ্বোধন নয়, ছিল ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও আত্মবিশ্বাসী করে তোলার এক মহৎ উদ্যোগ।

এক মা কৃতজ্ঞতা জানিয়ে বললেন, ‘আমাদের মেয়েরা এখন স্কুলে নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে, সংকোচ নয় বরং আত্মবিশ্বাস নিয়েই তারা সামনে এগোবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *