
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশ দেখে তিন যুবক নদীতে ঝাঁপ দিয়ে ১জন নিখোঁজ হয়েছেন।
ঘটনাটি ঘটে শনিবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী ব্রিজ ঘাট এলাকায় সুতিয়া নদীতে। রবিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান অব্যহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা ।পুলিশ ও স্থানীয়রা জানায়,শনিবার দুপুরে মুখী ব্রিজঘাট এলাকায় সূত্রধর বাড়ির দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে পুলিশ যায়। পুলিশকে দেখে পাশের হিন্দুূ সম্প্রদায়ের ধর্মচর্চার মঠ থেকে জসিম,ফাহিম ও সোহেল নামে তিন যুবক সামনের সুতিয়া নদীতে ঝাঁপ দেয়।ধারণা করা হচ্ছে এই যুবকরা মঠ এলাকায় মাদক সেবন করতে এসেছিল। পুলিশের ভয়ে প্রাণ বাঁচাতে সুতিয়া নদীর মুখী ব্রীজঘাট এলাকায় ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়।
নদীতে ঝাঁপ দেওয়া জসিম মড়ল মুখী গ্রামের মৃত হাশেম মড়লের ছেলে,ফাহিম কাইয়া একই এলাকার কামাল কাইয়ার ছেলে এবং সোহেল ভালুকা উপজেলার মাহমুদপুর এলাকার বাসিন্দা।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আতিকুর রহমান বলেন, ‘স্থানীয়দের তথ্যমতে সুতিয়া নদীতে দুই যুবক ঝাঁপ দিলে ফাহিম এবং সোহেল নামের দুইজন সাঁতরে ওপাড়ে উঠতে পারলেও জসিম মড়ল (৪২)নামের ব্যক্তি পানিতে তলিয়ে যায়।
ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে উদ্ধার অভিযানে নেমে রাত ৭ টায় স্থগিত ঘোষণা করেন । আজ রবিবার সকালে ২য় দিনেরমত উদ্ধার অভিযান চলমান রয়েছে ।