
অনলাইন ডেস্ক :
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মঞ্চ ৭১’-এর এক অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।পুলিশ জানিয়েছে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে ডিআরইউ থেকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ড. কামাল হোসেনের। তবে তিনি শেষ পর্যন্ত উপস্থিত হননি।
অনুষ্ঠান ঘিরে এই উত্তেজনার সূত্রপাত ঘটে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারের কিছু ব্যক্তির আগমনের পর। আল আমিন রাসেলের নেতৃত্বে তারা অনুষ্ঠানস্থলে গিয়ে প্রতিবাদ জানায় এবং অংশগ্রহণকারীদের ঘেরাও করে। এ সময় একটি টেবিল ভাঙচুর হয়।
উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ ডিআরইউতে উপস্থিত হয়। অতিরিক্ত পুলিশ কর্মকর্তা হাফিজ আল আসাদের নেতৃত্বে লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ বলেন, এখন তাদের থানায় নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। সিনিয়ররা পরে সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, মঞ্চ ৭১ মুক্তিযোদ্ধাদের নামে গঠিত নতুন প্ল্যাটফর্ম। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) এবং আইনজীবী জেড আই খান পান্নার নেতৃত্বে এই প্ল্যাটফর্ম গঠিত হয়। গত ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।