রাত ১১:৪৭ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহারাষ্ট্রে ভবনধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রের পালঘরে একটি চারতলা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। বুধবার রাতে ‘রামাবাই অ্যাপার্টমেন্ট’ নামের ভবনটি ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো কাজ করছে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), পুলিশ ও ফায়ার সার্ভিস।প্রশাসন জানিয়েছে, ধসে পড়া ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। দুর্ঘটনার সময় ভবনটির চতুর্থ তলায় এক বছর বয়সী এক শিশুর জন্মদিন উপলক্ষে একটি পার্টি চলছিল, যেখানে অনেক অতিথি ও বাসিন্দা উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে ওই শিশুটিও রয়েছে।

পালঘরের জেলা কালেক্টর ইন্দু রানি জাখার বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন যে, ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং আহত অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভবনটি নির্মাণে অনিয়মের অভিযোগে পুলিশ এর নির্মাতাকে গ্রেপ্তার করেছে। স্থানীয়রা বলছেন, যদি সময়মতো ব্যবস্থা নেওয়া হতো, তবে এই বিপর্যয় এড়ানো যেত।

এদিকে, বৃহস্পতিবার আরও আটজনের মরদেহ শনাক্ত করা হয়েছে। তারা হলেন— গোবিন্দ সিং রাওয়াত, শুভাঙ্গী পাওয়ান সাহেনি, কাশিশ পাওয়ান সাহেনি, দীপক সিং বেহরা, সোনালি রূপেশ তেজাম, হরিশ সিং বিষ্ট, সাচিন নেভালকর এবং দীপেশ সোনি।

স্থানীয় প্রশাসন আশপাশের পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো খালি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *