
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মানবিক সংকট আরও তীব্র হয়েছে। গত একদিনে আরও ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। বুধবার (২৭ আগস্ট) আল জাজিরা-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।ইসরায়েলি সেনারা গাজার সবচেয়ে বড় শহর গাজা নগরীতে আরও গভীরভাবে ঢুকে পড়ায় সেখানকার জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্যালেস্টাইনি সিভিল ডিফেন্সের হিসাব অনুযায়ী, গত ৬ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে গাজা নগরীর জায়তুন ও সাবরা এলাকায় এক হাজারেরও বেশি ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরও তিনজন। গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে, যার মধ্যে ১১৭ জনই শিশু। জাতিসংঘের মানবিক দপ্তর (ওসিএইচএ) সতর্ক করে বলেছে, গাজায় ক্ষুধা আরও ভয়াবহ আকার ধারণ করছে এবং জরুরি সেবাগুলো ভেঙে পড়ছে।