রাত ১২:৫০ বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত করতে রাজনৈতিক দলগুলোর আবেদন

ডেস্ক :

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য দেশের সব রাজনৈতিক দল আপিল বিভাগে আবেদন জানিয়েছে। আদালত মঙ্গলবার (২৬ আগস্ট) এই বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

আইনজীবী শিশির মনির আপিল বিভাগকে বলেছেন, সামনে আদালতের বড় ছুটি শুরু হবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে করা রিভিউ আবেদনটি এখনও নিষ্পত্তি হয়নি। এই বিষয়টির একটি সমাধান প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, তারা সর্বোচ্চ লিভ দিতে পারবেন কিন্তু শুনানি শেষ করতে পারবেন না।

২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী (তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা) বাতিল করে রায় দেন। এই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আবেদন করেন। এর আগে, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও রিভিউ আবেদন করেন।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ জাতীয় নির্বাচন ২০০৮ সালে অনুষ্ঠিত হয়েছিল। এরপর দলীয় সরকারের অধীনে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনগুলো ব্যাপকভাবে সমালোচিত হয় এবং ‘একতরফা’ নির্বাচন হিসেবে পরিচিতি পায়। গত বছর গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতনের পর ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *