সন্ধ্যা ৬:২৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা

সাভার প্রতিনিধি:

সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ হিসেবে ঘোষণা করেছে এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে। রোববার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা জারি করা হয়।

এই ঘোষণা অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলায় টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া অন্য সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো এবং প্রস্তুতের কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও, উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো, নতুনভাবে স্থাপন করা বায়ুদূষণ সৃষ্টিকারী শিল্প-কারখানাকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া এবং কর্মপরিকল্পনায় উল্লিখিত অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাভারের বাতাসে দূষণের মাত্রা জাতীয় মানদণ্ডের প্রায় তিন গুণ বেশি, যা জনস্বাস্থ্যে মারাত্মক ক্ষতি করছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে সাভারের দূষিত বাতাস ঢাকায় প্রবাহিত হয়ে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকার মানুষের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। সরকারের এই সিদ্ধান্তের লক্ষ্য হলো সাভার ও ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণ করে জনস্বাস্থ্য সুরক্ষিত করা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *