
নরসিংদী প্রতিনিধি:
৩ অগাস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের সংবিধান ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, “বিগত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে। নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয়নি। সংস্কারে বাধা দেওয়া হয়েছে। আমরা কিছুই বলি নাই, কিন্তু আমরা দাবি থেকে সরে দাঁড়ায় নাই।”
“বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ৩ অগাস্ট শহীদ মিনারে আমরা জড়ো হবো এবং সেখান থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে।”
নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকারে জুলাই বিপ্লবের দুজন ছাত্র প্রতিনিধি রয়েছে। যদিও তারা আমাদের নাগরিক পার্টির কেউ নয়। তারা জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি; তাদের অপসারণ করতে ষড়যন্ত্র করা হচ্ছে।”
“সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিপ্লবের পর আমাদের আবারও মাঠে নামতে হচ্ছে। ভূমিদস্যুতা ও চাঁদাবাজি রয়েছে। আমরা তাদেরকে বিতাড়িত করেই ছাড়ব। গত ৫ মাসে সারাদেশের মানুষ নাগরিক পার্টির প্রতি যে সাড়া দিয়েছেন, আগামী সংসদে আমাদের জয়জয়কার হবে।”
এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা।
বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের কোর্ট রোড, সদর রোড হয়ে নরসিংদী পৌরসভার সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়। সমাবেশে জেলার সব উপজেলা থেকে এনসিপির নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।