
বিনোদন ডেস্ক:
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে।
ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
ওটিটিতে তান্ডব মুক্তি নিয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘তাণ্ডব নির্মাণ আমার জন্য একদম ভিন্ন অভিজ্ঞতা ছিল। আমরা চেষ্টা করেছি এই সিনেমায় নতুন গল্প, আইডিয়া, নির্মাণ ধরণ—সব কিছুতে নতুনত্ব রাখার।
আমি পুরো প্রসেসটা অনেক আনন্দ নিয়ে করেছি। এই আনন্দ আরও দ্বিগুণ হয়েছিল যখন দেখেছি হলে দর্শক সিনেমাটি উপভোগ করেছে।
এবার ওটিটির মাধ্যমে পুরো পৃথিবী দেখতে পারবে আমাদের সিনেমা। প্রেক্ষাগৃহে দর্শকের যেমন ভালোবাসা-উচ্ছ্বাস পেয়েছি, আশা করছি ওটিটির দর্শকের কাছ থেকে আরও বেশি ভালোবাসা পাব।’
তাণ্ডবে শাকিব খানের নায়িকা হয়েছেন সাবিলা নূর। এটাই অভিনেত্রীর প্রথম বাণিজ্যিক সিনেমা।